স্বৈরশাসনকে প্রতিরোধ করতে পারে জনগণের ঐক্য --------ড. কামাল হোসেন

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন জনগণের অধিকার ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে ও জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য অবশ্যই ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। জনগণের ঐক্য স্বৈরশাসনকে প্রতিরোধ করতে পারে। গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কামাল হোসেন বলেন, জাতি আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা ও সংবিধান অর্জন করেছে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছে। আমাদের অবশ্যই জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে কার্যকর রাখতে আন্দোলন চালিয়ে যেতে হবে। সংবিধান অনুযায়ী, জনগণ সকল ক্ষমতা ও রাষ্ট্রের মালিক। এ মালিকানা থেকে যারা দেশের জনগণকে বঞ্চিত করে, তারা সাংবিধানিক ও স্বাধীনতাবিরোধী কাজ করছে। কেউ যেন আমাদের অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে। কামাল হোসেন আরো বলেন, জনগণের ঐক্যই সকল শক্তির ভিত। যারা সে শক্তি থেকে জনগণকে বঞ্চিত করতে চায়, তারা জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। সেজন্য বর্তমান অবস্থা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে হলে আমাদের সকলকে অবশ্যই ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।