পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আশংকা প্রকাশ করেছেন, লোকসভা নির্বাচনের আগে সুবিধা নিতে ভারত সরকার আরেকটি হামলা করতে পারে পাকিস্তানে। একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে ইমরান বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশংকা এখনো কাটেনি। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসন ভোটের আগে আরো একটি ‘ভুল অভিযান’ চালাতে পারে। ‘ভুল অভিযান’ বলতে ইমরান খান বালাকোটের অভিযানের কথাই বলতে চেয়েছেন। কারণ ভারতীয় বিমান বাহিনীর অভিযানে পাকিস্তানের কোনো ক্ষতি হয়নি এবং অভিযান পুরোপুরি ব্যর্থ বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসলামাবাদ। ইমরান খান আরো বলেন, বিপদ এখনো কাটেনি। ভারতের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি উদ্বেগজনক থাকবে। তবে ভারতের দিক থেকে কোনরকম আক্রমণ হলে আমরা পাল্টা প্রত্যাঘাতের জন্য প্রস্তুত আছি। -এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা