বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আশাতীত বেড়েছে : আনোয়ার হোসেন মঞ্জু

পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সবুজ ব্যবসা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আশাতীতভাবে বেড়েছে। তিনি বলেন, বাংলাদেশের ১২ শতাংশ মানুষ এখন সরাসরি সৌর বিদ্যুতের সুবিধা পাচ্ছে। এ খাতে লক্ষাধিক লোকের কর্মসংস্থানও হয়েছে। গতকাল মঙ্গলবার ম্যানিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) উদ্যোগে প্রথম ‘গ্রিন বিজনেস ফোরাম ফর এশিয়া-প্যাসিফিক’ শীর্ষক তিন দিনব্যাপী সম্মেলনে আনোয়ার হোসেন মঞ্জু এ সব কথা বলেন। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সবুজ ব্যবসার প্রসারে এই সম্মেলন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে এডিবি আশা করছে। সম্মেলনে দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, টেকসই বন, পানি এবং ভূমি ব্যবস্থাপনা, টেকসই কৃষি উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ প্রভৃতি বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে।

 
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা শুধু সরকার এবং বেসরকারি খাতই করবে না, এর জন্য জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রচেষ্টা প্রয়োজন। বাংলাদেশের জনগণ এখন জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ কারণে এখন বাংলাদেশে সবুজ ব্যবসার প্রসার ঘটছে। সৌর বিদ্যুতের দিক থেকে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে উল্লেখ করে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আয়তনের বিচারে বাংলাদেশের সৌর বিদ্যুত্ কর্মসূচি বিশ্বের মধ্যে অন্যতম। চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত মোট ৪৫ লাখ সৌর বিদ্যুত্ ইউনিট বাংলাদেশে স্থাপন করা হয়েছে।
 
সবুজ ব্যবসার উন্নতিকল্পে বাংলাদেশ সরকার বেশকিছু ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে গ্রিন ব্যাংকিং-এর জন্য নীতিমালা তৈরি করেছে। সে অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলো এ খাতে ঋণ প্রদান শুরু করেছে। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ফোরামে তুলে ধরেন। এডিবি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ ফোরামে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও জাতিসংঘ পরিবেশ কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ ও বন মন্ত্রী গতকাল ম্যানিলায় এডিবি প্রেসিডেন্ট তাকিহিকো নাকাওসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচির প্রধান এরিক সোলহেইম-এর সাথে আলাদা আলাদা বৈঠক করেছেন।
 
ইত্তেফাক/এএন