টাম্পাকো অগ্নিকাণ্ড

চেয়ারম্যানসহ ৮ জনের জামিন আবেদনের ওপর আদেশ আজ

 
টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানার চেয়ারম্যান সাবেক এমপি সৈয়দ মকবুল হোসেন, তার স্ত্রী, পুত্র ও মেয়েসহ আট কর্মকর্তার জামিন আবেদনের ওপর আজ বুধবার আদেশ দিবে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের শুনানি গ্রহণ করে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ দিন ধার্য করে দেন।
 
গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার টাম্পাকো ফয়েলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় অর্ধশত শ্রমিক মারা যান। আহত হন অনেকে। দুর্ঘটনার পর ১২ সেপ্টেম্বর টঙ্গী থানায় হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে দুইটি মামলা দায়ের করা হয়। এই দুইটি মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ আট জন সোমবার হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান।
 
গতকাল রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাদের জামিনের বিরোধিতা করে বলেন, কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বহু শ্রমিক হতাহত হয়েছে। এ অবস্থায় আসামিদের আগাম জামিন দেয়া ঠিক হবে না। তারা নিম্ন আদালতে গিয়ে আত্মসমর্পণ করুক।