জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৭ নভেম্বর থেকে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষার্থীদের আগামী ২৭ নভেম্বর হতে ২৯ নভেম্বর পর্যন্ত এ ইউনিটের অধীনে বিজ্ঞান অনুষদের, বি ইউনিটের অধীনে কলা অনুষদের, ডি ইউনিটের অধীনে সামাজিক বিজ্ঞান অনুষদের ও ই ইউনিটের অধীনে চারুকলা ও নাট্যকলা বিভাগের ১ম মনোনয়নপ্রাপ্তদের এবং ২৭ নভেম্বর হতে ১ ডিসেম্বর এর মধ্যে সি ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের মনোনিতদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে সব ইউনিটের পরবর্তী মেধা তালিকা প্রকাশ করা হবে।
বিভিন্ন কোটায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সাক্ষাত্কার এ ইউনিটের ৫ ডিসেম্বর, বি ও ই ইউনিটের ১০ ডিসেম্বর স্ব-স্ব ডিন কার্যালয়ের অনুষ্ঠিত হবে। এছাড়াও কোটায় সি ইউনিটের সাক্ষাত্কার ২৭ ডিসেম্বর পর্যন্ত ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে। নির্বাচিত শিক্ষার্থীকে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচিত বিষয়ে অবশ্যই ভর্তি হতে হবে।
ভর্তির সময় শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল প্রবেশপত্র, নম্বরপত্র, সনদপত্র, সদ্য তোলা ৮ কপি ছবি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সাথে আনতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd)-এর মাধ্যমে জানা যাবে।