ডেমোক্রেটিক পার্টির যুক্তরাষ্ট্র ডিস্ট্রিক্ট লিডার মঈন চৌধুরী

 
ডেমোক্রেটিক পার্টির যুক্তরাষ্ট্র ডিস্ট্রিক্ট লিডার হলেন এক্সিডেনট কেইস ও ইমিগ্রেশন বিষয়ক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সুপ্রিমকোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী। 
 
গত ২১ অক্টোবর পার্টির নিউইয়র্কের কুইন্স কাউন্টি কনভেনশনে সর্বসম্মতিক্রমে তাকে ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ পদে নির্বাচিত করা হয়। মঈন চৌধুরী একমাত্র অ্যাটর্নি, যিনি প্রথমবারের মত কোনো কুইন্স কাউন্টিতে ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ হিসাবে নির্বাচিত হলেন। 
 
ডেমোক্রেটিক পার্টির এক্সিকিউটিভ সেক্রেটারি মাইকেল রাইসের উপস্থাপনায় সকল ডিস্ট্রিক্ট লিডারসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি, অ্যাসেম্বলিম্যান বিবিয়ান কুক, ফ্যাঙ্ক বোলজ, মাইকেল ডেডেকার, ফ্রান্সিসকো ময়া, কাউন্সিলম্যান ররি ল্যান্সম্যান প্রমুখ। 
 
অ্যাটর্নি মঈন চৌধুরী এক যুগেরও বেশি সময় ধরে ডেমোক্রেটিক পার্টির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। সম্প্রতি প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় তার ভূমিকা ছিল। 
 
বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও হবিগঞ্জ জেলার কৃতি সন্তান অ্যাটর্নি মঈন চৌধুরী বিগত ৬ বছর যাবৎ জুডিশিয়াল ডেলিগেট হিসাবে নিউইয়র্ক স্টেটের সুপ্রিমকোর্টের জাস্টিস ও সিভিল কোর্টের বিচারক মনোনয়ন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করেন।
 
স্থানীয় সময় বুধবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে মঈন চৌধুরী তার ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত হওয়ার কথা জানান। এসময় তিনি জানান, এখন আরো বড় পরিসরে পার্টির জন্য কাজ করার সুযোগ পাবেন তিনি। 
 
মিট দ্য প্রেসে মঈন চৌধুরী সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে ডেমোক্রেটিক পার্টিকে আরো শক্তিশালী করতে সিনেট ও কংগ্রেসে অধিক আসন লাভের জন্য আমেরিকার বিভিন্ন কংগ্রেশনাল আসনে ব্যাপক প্রচারের জন্য সবার সহযোগিতাও কামনা করেন। 
 
অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, 'একজন বাংলাদেশি হিসাবে এই প্রাপ্তি আমার জন্য এবং বাংলাদেশি ও সাউথ এশিয়ানদের জন্য বড় অর্জন।' ইমিগ্র্যান্টদের স্বার্থে ভবিষ্যতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতার ভিত্তিতে কাজ করার আশা ব্যক্ত করেন। 
 
 
ইত্তেফাক/কেকে