হিমালয় দেখিনি শেখ মুজিবকে দেখেছি

‘আমি হিমালয় পর্বতমালা দেখিনি। কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি।’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উচ্ছ্বসিত প্রশংসা এমন উক্তিতেই করেছিলেন সদ্য প্রয়াত কিউবার সাবেক প্রেসিডেন্ট ও কমিউনিস্ট বিপ্লবের কিংবদন্তি নেতা ফিদেল ক্যাস্ট্রো। ১৯৭৩ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চতুর্থ সম্মেলনে যোগ দেয় বাংলাদেশ ও কিউবা।

 
সে সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর সাক্ষাত্ হয়। তিনি সেদিন বঙ্গবন্ধুকে আলিঙ্গন করে বলেছিলেন, ‘আই হ্যাভ নট সিন দ্য হিমালয়েজ।  বাট আই হ্যাভ সিন শেখ মুজিব। ইন পারসোনালিটি অ্যান্ড ইন কারেজ, দিস ম্যান ইজ দ্য হিমালয়েজ। আই হ্যাভ দাজ হ্যাড দ্য এক্সপিরিয়েন্স অব উইটনেসিং দ্য হিমালয়েজ।’ অর্থাত্ ‘আমি হিমালয় পর্বতমালা দেখিনি। কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায়, এই মানুষই হিমালয়। এভাবে আমার হিমালয়ও দেখা হয়ে গেল।’ বঙ্গবন্ধু সম্পর্কে ক্যাস্ট্রোর এই উক্তি বাংলাদেশের মানুষের আজীবন মনে থাকবে।
 
বাংলাদেশের মুক্তিযুদ্ধেও অসামান্য ভূমিকা ছিলো কিউবার এই বিপ্লবী নেতার। এছাড়া মুক্তিযুদ্ধ পরবর্তী সময় ও বিভিন্ন দুর্যোগেও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকাকে শ্রদ্ধা জানাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যাস্ট্রোকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করেছেন। ২০১৩ সালে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করা হয় ফিদেল ক্যাস্ট্রোকে।
 
উল্লেখ্য, কিউবার স্থানীয় সময় শুক্রবার ৯০ বছর বয়সে মারা গেছেন এই সংগ্রামী নেতা। তার ভাই এবং বর্তমান প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোই তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
 

ইত্তেফাক/এএন