ঘর সাজাতে গাছ

 
শহুরে জীবনে বাড়ির সামনের উঠোনে বাগানের কথা চিন্তাও করা যায় না। তাই গাছ  লাগানোর ক্ষেত্রে অনেকে বাসার বারান্দা কিংবা ছাদকে বেছে নেন। তবে ঘর সাজাতে অনেকে ভেতরেও গাছ রাখতে পছন্দ করেন। এক্ষেত্রে মানিপ্ল্যান্টকেই অনেকে বেছে নেন। তবে আরো কিছু গাছ আছে যা আপনি ঘরের মধ্যে রাখতে পারেন। 
 
মানিপ্ল্যান্ট: এই গাছটা যেকোন পরিবেশেই বেঁচে থাকতে পারে। এটি অল্প আলোতেই বেঁচে থাকতে পারে। যত্নের প্রয়োজনও খুব কম। ঝুড়িতে কিংবা বোতলে ভরে জানালার তাক বা টেবিলে রেখে দিতে পারেন কিংবা ঝুলিয়েও রাখা যায়। 
 
স্নেকপ্ল্যান্ট: আকৃতিতে সাপের সাথে বেশ মিল রয়েছে এই গাছের। এই গাছকে “মাদার ইন ল’স টাঙ্গ”ও বলা হয়।এর আছে অসাধারণ বায়ুশোধক ক্ষমতা। ঘরের যেকোন জায়গা বেছে নিন এই গাছকে রাখার জন্য। তবে গাছটি আলো-অন্ধকার এর মিশেলে থাকতেই ভালোবাসে, তাই কড়া রোদ বা বেশি অন্ধকার মতন কোন জায়গায় একে রাখবেন না। মাটি শুকনো দেখালে তবেই বুঝে পানি দেবেন।
 
ক্যাকটাস: ক্যাকটাস গাছ ঘরের শোভা বাড়িয়ে দেবে অনেকখানি। বেশি আলো পড়ে এমন জানালার কাছে গাছটি রাখবেন। মাটি শুকনো হলে পানি দেবেন। 
 
স্পাইডারপ্ল্যান্ট: লম্বাটে পাতার দল, পাশে সাদা রেখা আর মাঝটুকু সবুজ। মাকড়শার পায়ের সাথে মিল রেখে পাতাগুলো ছড়ানো বিন্যাসে থাকে। এই গাছটিতে বেশি আলো প্রয়োজন পড়ে না। মাটি শুকনো হলে পানি দেবেন।
 
এই গাছগুলো শিশু বা পোষ্য বিড়াল-কুকুরের জন্য অপকারী। তারা না বুঝে পাতা মুখে দিলে ক্ষতি হতে পারে। তাই অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন। 
 
ইত্তেফাক/এএসএস