চলতি মৌসুমে তিন লাখ মেট্রিক টন আমন চাল কিনবে সরকার। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩৩ টাকা। আগামী ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ অভিযান শুরু হবে। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।
রবিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী জানান, উৎপাদন ব্যয় বাড়ার কারণে এবার দাম বাড়িয়ে ৩৩ টাকা কেজি দরে চাল কেনা হবে।
প্রসঙ্গত: গত বছর ৩১ টাকা কেজি দরে ২ লাখ টন আমন চাল সংগ্রহ করে সরকার। এবার এক লাখ টন বেশি চাল কিনবে সরকার।
খাদ্যমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সেসব হাসকিং মিলগুলো আধুনিক রাইস মিলে রুপান্তরিত হয়নি সেসব মিল থেকেও এ বছর শেষবারের মতো আমন চাল সংগ্রহ করা হবে। তবে আগামী বোরো মৌসুমে এসব হাসকিং মিল থেকে কোনও চাল সংগ্রহ করা হবে না।
খাদ্যমন্ত্রী বলেন, হাসকিং মিলগুলোকে অটোমেটিক মিলে পরিণত করতে ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বেশ কয়েকবার সময় দেওয়া হয়েছে। সময় দেওয়ার পরও এখনও বেশকিছু হাসকিং মিল অটোমেটিক মিলে পরিণত হয়নি।
ইত্তেফাক/এমআই