ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারের সামনে বিক্ষোভ করেছে সার্বজনীন হিন্দু সম্প্রদায়। তাদের সঙ্গে সহমর্মিতা জানাতে স্থানীয় সময় রবিবার অনুষ্ঠিত এই বিক্ষোভে উপস্থিত ছিলেন ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা ও বাংলাদেশের রাজনীতিতে আলোচিত ও সমালোচিত নাম মেন্দি সাফাদি।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করেন নিউইয়র্ক ও নিউজার্সির বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নবেন্দু বিকাশ দত্ত, মানবাধিকার কর্মী এবং সাংবাদিক শীতাংশু গুহ, পূজা সমিতির চন্দন সেনগুপ্ত, বিষ্ণু গোপ, অমিত ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্যামল কর, সামু রুদ্র, জ্যামাইকা হিন্দু কমিউনিটির নেতা প্রিয়তোষ দে।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নবেন্দু বিকাশ দত্ত আগামী ১১ ডিসেম্বর রবিবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে অনুষ্ঠেয় বিক্ষোভ সমাবেশে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহবান জানান।
মানবাধিকার নেতা শীতাংশু গুহ নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের নির্যাতিত মাইনোরেটিদের সমস্যা নিরসনে উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
সম্মিলিত পূজা পুনর্মিলনীর আহ্বায়ক ভজন সরকার বলেন, আমরা বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের বিচার চাই। নেতৃবৃন্দ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ, দোষীদের শাস্তি দাবি করেন।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনি সাহা, প্রবীর রায়, অজিত সাহা, শিখা সাহা, ঝুমা সেন, পূর্ণা তালুকদার, গৌতম সেন, রূপক আচার্য, ভজন রায়, প্রিয়তোষ সাহা, ডা. পুজা সাহানি, সহদেব তালুকদার, সমর রায়, প্রদীপ সেন, তপন সুত্রধর, শুভ রায়, বিজয় কৃষ্ণ পাল ও ইরা পাল।
IMG0
সমাবেশে সমাপনী বক্তব্য দেন জাস্টিস ফর হিন্দুজের সভাপতি ভিনসেন্ট ব্রুনো। তিনি তার বক্তব্যে আজীবন হিন্দুদের স্বার্থরক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশে হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটি যুগ্ম-সম্পাদক সুবীর বর্মন উপস্থিত ছিলেন।
সভা শেষ হবার পর ইসরায়েলের আলোচিত নেতা সেন্টার ফর ইন্টান্যাশানাল ডেমোক্র্যেসির প্রেসিডেন্ট মেন্দি সাফাদি এসে উপস্থিত হন। তিনি দ্ব্যার্থহীন কণ্ঠে বাংলাদেশে চলমান নির্যাতনের নিন্দা জানান।
ইত্তেফাক/আরএ