অন্ধ্র প্রদেশের আইনসভার স্পিকার ও ড. ইউনূসের সাক্ষাৎ

নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন ভারতের অন্ধ্র প্রদেশের আইনসভার স্পিকার ড. কোদেলা শিব প্রদাস রাও। মঙ্গলবার ঢাকাস্থ ইউনূস সেন্টারে তারা সাক্ষাত করেন।
 
অন্ধ্র প্রদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ও উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখা এবং ফেব্রুয়ারিতেঅনুষ্ঠেয় জাতীয় নারী সংসদের অধিবেশনে ভাষণ দেবার জন্য প্রফেসর ইউনূসকে বিশেষভাবে আমন্ত্রণ জানাতে ড. রাও-এর এই ঢাকা সফর।
 
এই অধিবেশনের বিষয়বস্তু হচ্ছে ‘জাতি গঠনে নারীর ক্ষমতায়ন।’ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ও ইন্টার পার্লামেন্টারী ইউনিয়নের সহায়তায় অন্ধ্র প্রদেশের আইনসভা এই অনুষ্ঠানের আয়োজন করছে।
 
ভারতীয় পার্লামেন্টের সকল মহিলা সাংসদ, ভারতের সকল রাজ্যের আইনসভার মহিলা সদস্যবৃন্দ এবং ভারতের বিভিন্ন এলাকার উচ্চ শিক্ষা গ্রহণরত ১০ হাজার উজ্জীবিত ছাত্রী এতে অংশগ্রহণ করবেন। নবগঠিত রাজ্য তেলেংগানায় অন্ধ্র প্রদেশের পুরোন রাজধানী হায়দেরাবাদ স্থানান্তরের পর অন্ধ্র প্রদেশের নতুন রাজধানী অমরাবতীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
প্রফেসর ইউনূস ৫ জানুয়ারি ২০১৭ অন্ধ্র বিশ্ববিদ্যালয় কর্তৃক উক্ত বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সামাজিক ব্যবসার উপর একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
 
ইত্তেফাক/এমএইচ