দীর্ঘ এক যুগ পর একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলার রায় ঘোষিত হবে বুধবার। সোমবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।
বুধবার সাংবাদিক মানিক সাহা হত্যা ও বিস্ফোরক দুটি মামলার রায় ঘোষণা করা হবে। গত বৃহস্পতিবার শুরু হয়ে গত সোমবার আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। যুক্তিতর্ক শেষ হওয়ায় আদালত বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন।
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সংবাদ ও একুশে টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক চন্দ্র সাহা ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের অদূরে ছোট মির্জাপুরে প্রবেশের মুখের রাস্তায় দুষ্কৃতকারীদের বোমা হামলায় নিহত হন। ঘটনার দুই দিন পর ১৭ জানুয়ারি মামলা হলেও দীর্ঘ এক যুগেও সাংবাদিক মানিক সাহা হত্যা ও বিস্ফোরক দুই অংশের কোন অংশেরই নিষ্পত্তি হয়নি।
সাক্ষীরা যথাসময়ে সাক্ষ্য প্রদান না করায় এ মামলাটি এক প্রকার গতি হারিয়ে ফেলেছিলো। গত ২১ নভেম্বর খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদারের আদালতে সাক্ষ্য প্রদান করেন সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার সাক্ষীর সাক্ষ্য গ্রহণকারী তৎকালীন খুলনার ম্যাজিস্ট্রেট (বর্তমানে উপ-সচিব হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কর্মরত) মো. দেওয়ান আব্দুস সামাদের।
২০০৪ সালের ১৫ জানুয়ারি সাংবাদিক মানিক সাহাকে হত্যার পর খুলনা সদর থানার এসআই রনজিৎ কুমার দাস বাদী হয়ে ১৭ জানুয়ারি মামলা দায়ের করেন।
ইত্তেফাক/এসএস