বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, গত ৪৫ বছরে জনগণের খাদ্য নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশ অভাবিত সাফল্য অর্জন করেছে। কৃষি উৎপাদনে বাংলাদেশের অসাধারণ সাফল্য আমরা প্রত্যক্ষ করেছি। এ ক্ষেত্রে বাংলাদেশ প্রায় সয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। চরম দারিদ্রতা কমে যাওয়ায় বাংলাদেশের নাগরিকরা স্বাস্থ্য সেবার সুযোগ পাচ্ছেন। এতে মানুষ আগের চেয়েও সুস্বাস্থ্যের অধিকারী হয়েছেন।
খুলনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণবিষয়ক মন্ত্রণালয়ের নতুন প্রকল্প ‘নব যাত্রার’উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, খাদ্যমূল্যের ওঠানামা, বন্যা, সাইক্লোন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের উন্নয়ন হুমকির মুখে পড়ে। এখনো দেশের ৩০ মিলিয়ন মানুষ চরম দারিদ্রসীমায় বসবাস করছে এবং তারা অপুষ্টির শিকার।
রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর থেকেই দেশটির খাদ্য নিরাপত্তা সৃষ্টির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ও মনোযোগ রয়েছে। এখন নতুন খাদ্য সহায়তা কর্মসূচি চালু হয়েছে। ‘নব যাত্রা’ সেই কর্মসূচির অংশ।
তিনি বলেন, ইউএসএইড গত ৫ বছরে সাড়ে ৩ মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছে। তাদের গৃহীত নবযাত্রা কর্মসূচির তিনটি লক্ষ্য। খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা প্রতিষ্ঠা, অপুষ্টি দূরীকরণ এবং দুর্যোগ মোকাবেলায় মানুষের সামর্থ বাড়ানো।
তিনি আরো বলেন, নবযাত্রা কর্মসূচি মাধ্যমে ৭৪ মিলিয়ন ডলার ব্যয়ে খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলা এবং সাতক্ষীরা জেলার কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলায় ৫ বছরে বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নত সম্পর্ক বজায় রাখেতে উভয় দেশ কাজ করছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ফ্রেড উইটিভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, খুলনার বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, ইউএসএআইডি বাংলাদেশ মিশনের পরিচালক জেনিনা জেরুজালস্কি এবং ওয়ার্ল্ড ভিশন ইউএসএ-র ভাইস প্রেসিডেন্ট জেড হফম্যান।
ইত্তেফাক/ইউবি