ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য মূলধারার সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
আজ শনিবার রাজধানীর রবীন্দ্র সরোবরে আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে ‘টেকসই ভবিষ্যৎ গড়ি, সত্যের লক্ষ্য অর্জন করি’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ ( পিএনএসপি) এ সেমিনারের আয়োজন করে।
তিনি বলেন, ‘সরকার টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তি বিষয়ক যে লক্ষ্যগুলো আছে সেগুলো বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি প্রতিবন্ধী মানুষেরা আর বিচ্ছিন্ন জনগোষ্ঠী হয়ে থাকবে না।’
পিএনএসপি’র সভাপতি এম ওসমান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আলী অহসান, পিএনএসপি’র সাধারণ সম্পাদক সালমা মাহবুব ও পরিচালক রফিক জামান।
ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয় সংসদ প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতি সংবেদনশীল। প্রতিবন্ধী মানুষদের উন্নয়নে যেসকল কার্যক্রম গ্রহণ করা হয়েছিল বর্তমানে সেসকল কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন এবং নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তি সুরক্ষা ট্রাস্ট আইন করা হয়েছে ও ট্রাস্টের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এসময় তিনি প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে অধিদপ্তরে উন্নীত করার কার্যকারী ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সারা দেশের প্রতিবন্ধী মানুষদের জন্য পরিচয় পত্র দেয়ার ব্যবস্থা করেছে সরকার । এর ফলে তারা সরকারি সকল সুযোগ-সুবিধা পাবে। তিনি পরিচয় পত্র সংগ্রহ করতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন।-বাসস।
ইত্তেফাক/এমআই