প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটি অবহেলাজনিত না নাশকতা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
তিনি রবিবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে বলেন, এ বিষয়ে গঠিত বিভিন্ন তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও দৃশ্যমান ব্যবস্থা নেয়া হবে।'
ইতোমধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়িত্বে অবহেলার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ৬ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থা থেকে গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।' তবে তিনি বলেন, 'প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের তেলের চাপ কমে যাওয়ার পেছনে মনুষ্য সৃষ্ট (হিউম্যান ফ্যাক্টর) কারণ জড়িত ছিল।'
উল্লেখ্য, বুদাপেস্ট পানি সম্মেলনে যোগ দিতে গত ২৭ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বিমান বিজি১০১১ প্রধানমন্ত্রীকে নিয়ে হাঙ্গেরির উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের প্রায় ২ ঘণ্টা পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানটি তুর্কমেনিস্তানের আশখাবাদ বিমান বন্দরে জরুরি অবতরণ করে। সেখানে বিমানের ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে আবার রওনা হয়ে বুদাপেস্টে পৌঁছে। -বাসস।
ইত্তেফাক/এসএস