পোশাকে লাল-সবুজ

 
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পৃথিবীর বুকে জেগে উঠেছিল এক নতুন দেশের মানচিত্র, যার নাম বাংলাদেশ। বিজয়ের আনন্দে প্রতি বছর আমরা এ দিনটিকে স্মরণ করি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে। এই দিবসটি সামনে রেখে বিভিন্ন ফ্যাশন হাউস সেজেছে বর্ণিল রূপে। তারই খোঁজখবর জানাচ্ছেন সাবেরা সুলতানা।
 
দেশমাতৃকার সেবায় যে যেভাবে পারেন সেভাবেই নিজস্ব সামর্থ্যটুকু দিয়ে কাজ করার চেষ্টা করেন। কেউ ছবি এঁকে, কেউ লিখে, কেউ যোদ্ধা হিসেবে, কেউ বোদ্ধা হিসেবে দেশের প্রতি দায়িত্ব পালনের চেষ্টা চালিয়ে যান। আমাদের ফ্যাশন হাউসগুলো এ প্রজন্মকে পোশাকের দিক থেকে করেছে স্বদেশমুখী। ফলে তাদের ডিজাইনের একটা বড় অংশজুড়ে রয়েছে দেশাত্মবোধের চেতনা। এবারের বিজয় দিবসে লাল-সবুজের প্রত্যয়ে আবারও সে চেষ্টাই চালিয়েছেন তারা। মূলত ফ্যাশনের ধারাটা সময়কে ধারণ করে। স্টাইল, স্মার্টনেস, আউটলুকিংয়ের সামগ্রিক কনসেপ্টে বৈচিত্র্য এলেও ১৬ ডিসেম্বর (বিজয় দিবস), ২৬ মার্চ (স্বাধীনতা দিবস) এবং ২১ ফেব্রুয়ারির ফ্যাশনে দেশাত্মবোধের ভাবধারাটা উন্মোচিত হয়। এর সঙ্গে ঈদ, পূজা, পহেলা বৈশাখসহ অন্যান্য উত্সবকেন্দ্রিক ফ্যাশন প্রবাহের রয়েছে এক বিরাট তফাত্। আর এই তফাত্টা প্রগাঢ় রঙে উদ্ভাসিত হওয়ার পরিপ্রেক্ষিতে রয়েছে বাংলাদেশের অবিস্মরণীয় জন্ম লাভের ইতিহাস। তাতে রয়েছে বাঙালির স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলা ভাষার প্রতি সশ্রদ্ধ মমতা এবং এক রক্তক্ষয়ী ইতিহাসের প্রবল অনুরণন। যে অনুরণনের প্রতিটি পল-অনুপলে রয়েছে স্বাধীনচেতা বাঙালির হাজার বছরের ঐতিহ্যের মহিমান্বিত গৌরবগাথার মহোত্তম স্বপ্ন বিকাশের আদিগন্ত স্ফূরণ। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ এবং পরিণতিতে স্বাধীনতা অর্জন। আর এই অর্জনের ভিতর দিয়েই অন্ধকার সরিয়ে-সরিয়ে বাঙালির পথচলা হচ্ছে সেই ৪০ বছর আগে পাওয়া রক্তোজ্জ্বল বিজয়ের আলোয়। ১৯৭১-এর ১৬ ডিসেম্বরের বিজয় এখন ফ্যাশন স্টাইলের অনুষঙ্গ হিসেবে যোগ করেছে নতুন মাত্রা। এ ফ্যাশন-স্টাইলে উত্সবী আমেজ থাকলেও তার থেকে বেশি থাকে দেশাত্মবোধ তথা দেশপ্রেম। আর সে কারণেই বিজয়, স্বাধীনতা কিংবা ভাষা দিবসের ফ্যাশনের প্রথম
 
চিত্রকল্প হিসেবে পোশাকে, শোপিসে, পটে উঠে আসে মুক্তিযুদ্ধের স্থিরচিত্রের চিত্রকর্ম, বঙ্গবন্ধুর মুখচ্ছবি। ’৭১-এর আত্মত্যাগের বাঙালি ধরনটা যেমন হূদয় ছোঁয়া, মর্মস্পর্শী, আবেগঘন; তেমনি আনন্দময়তার রেশটাও কম নয়। ফলে দুটি রূপেরই প্রতিফলন বিম্বিত হয় ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ এবং ২১ ফেব্রুয়ারির ফ্যাশন কনসেপ্টে। আর এই ফ্যাশন বোধের মর্মকথাটা চিত্রে ও কবিতার পঙিক্তর মাধ্যমে পোশাকে উত্কীর্ণ করার সফল প্রয়াসটা প্রতি বছরের এই বিশেষ দিনগুলোতে করে থাকেন প্রতিষ্ঠিত আউটলেটগুলোর পক্ষে স্ব-স্ব ডিজাইনাররা। এবারের বিজয় দিবসও এর ব্যতিক্রম নয়। ইতোমধ্যে দেশীয় প্রতিষ্ঠিত ফ্যাশন হাউসগুলো বিভিন্ন প্রজন্মের ফ্যাশন সচেতনদের জন্য ডিসপ্লেতে সাজিয়েছে পোশাকের মনোহর পসরা। যেহেতু বিজয় দিবস তাই টি-শার্ট, ফতুয়া, পাঞ্জাবি, থ্রিপিস, শাড়িসহ নানা পোশাকে প্রাধান্য পেয়েছে লাল ও সবুজ রং। আমাদের জাতীয় পতাকার রঙকে তুলির আঁচড়ে নান্দনিকভাবে পোশাকের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে নান্দনিক আঙ্গিকে। 
 
বিজয়ের রঙে পোশাক-অনুষঙ্গ
বিজয়ের রঙে সেজেছে দেশীয় ফ্যাশন হাউসগুলো। এরমধ্যে অঞ্জন’স, কে ক্র্যাফট, নগরদোলা, রঙ, বিবিআনা, দেশাল, পঙিত, তারামার্কা, নিত্যউপহার, আড়ং, নিপুণ, বাংলার মেলা, বাসন্তী উল্লেখযোগ্য। শুধু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে নয়, দায়িত্ব ও মূল্যবোধ থেকেই বিজয় দিবসের বিশেষ আয়োজন করে থাকে তারা। লাল-সবুজ আমাদের পতাকার রং, আমাদের বিজয়ের প্রতীক। বিজয়ের এই ডিসেম্বর মাসজুড়ে তাই লাল-সবুজকে নিয়েই তাদের যত আয়োজন। শীতের আগমনে এই আয়োজনে বিজয় দিবসে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে মোটা সুতি ও খাদি কাপড়। শাড়ি, থ্রিপিস, ফতুয়া, পাঞ্জাবি, ছেলেমেয়েদের কুর্তা, টি-শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে বাংলাদেশ লেখাসহ লাল-সবুজ রঙের মাধ্যমে উঠে আসা দেশীয় ভাবনা। পাশাপাশি দেশীয় সংস্কৃতির বিভিন্ন উপাদান এসেছে ডিজাইনের অনুষঙ্গ হিসেবে। কাজের মাধ্যম হিসেবে এসেছে টাইডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, ক্যাটওয়াক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি। আর এসব পোশাকের দাম রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যেই।
 
মডেল: রিবা, রুমা ও জনি
পোশাক: অঞ্জন’স
ছবি:     বিশ্বজিৎ সরকার