নিজাম হাজারীর এমপি পদের বৈধতা প্রশ্নে দ্বিধাবিভক্ত হাইকোর্ট

 
ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর  এমপি পদে থাকার বৈধতা প্রশ্নে দায়েরকৃত রিটের ওপর দ্বিধাবিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট।
 
মঙ্গলবার বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মোহম্মদ ইমদাদুল হক নিজাম হাজারীর এমপি পদে থাকা অবৈধ ঘোষণা করে রায় দেয়। অপরদিকে কনিষ্ঠ বিচারক আর এফ এম নাজমুল আহসান রিট আবদেনটি খারিজ করে দেন।
 
রিট মামলার চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট এই দ্বিধাবিভক্ত রায় দেয়। এখন বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি যে বেঞ্চে পাঠাবেন সেখানেই এই বিষয়টি নিষ্পত্তি হবে। 
 
এর আগে গত ১ ডিসেম্বর নিজাম হাজারীর এমপি পদের বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ঠিক করেছিলেন হাইকোর্ট।
 
নিজাম হাজারীর কারাভোগ নিয়ে একটি জাতীয় দৈনিকে ২০১৪ সালে ‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন দাখিল করা হয়। অস্ত্র মামলায় সাজা কম খাটার অভিযোগ এনে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন স্থানীয় যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন ভূঁইয়া।
 
২০১৪ সালের ৮ জুন হাইকোর্ট এক আদেশে ফেনী-২ আসন কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে। 
 
ইত্তেফাক/এএসএস