ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারার পুরোপুরি বাস্তবায়ন না করে গাজীপুরের মেয়র মান্নানকে গ্রেফতার না করার নির্দেশ সংক্রান্ত হাইকোর্টের আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে সাড়া দেয় নি আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গত ২৯ নভেম্বর হাইকোর্ট ১৬৭ ধারার পুরোপুরি বাস্তবায়ন না করে মেয়র মান্নানকে গ্রেফতার না করতে নির্দেশ দিয়েছিল। ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ মঙ্গলবার আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও মান্নানের পক্ষে অ্যাডভোকেট আবু হানিফ শুনানি করেন।
মান্নানের আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আবু হানিফ জানান, মুক্তির অপেক্ষায় থাকার পর তাকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এই গ্রেফতার দেখানোর বিষয়টি উল্লেখ করে উচ্চ আদালতে রিট আবেদন দায়ের করা হয়েছে। ওই আবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ আদালত জামিন দেওয়ার পরেও যাতে তিনি বেরোতে না পারেন সেজন্য তাকে বারবার মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। ওই আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারার পুরোপুরি বাস্তবায়ন না করে মেয়র মান্নানকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ইত্তেফাক/এমআই