জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে অগ্রণী ব্যাংকের জাবি শাখা অবরোধ করে রেখেছে প্রগতিশীল ছাত্রজোট।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে আন্দোলনকারীরা অবরোধ চালিয়ে যাচ্ছেন। টাকা জমা দিতে না পেরে ভর্তি হতে পারছেন না প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন। অবরোধ তুলে নিতে প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের অনুরোধ করলে তারা এতে অস্বীকৃতি জানান। আন্দোলনকারীরা বলেন, ‘ফি সম্পূর্ণ বাতিল করা না হলে লাগাতার অবরোধ চালিয়ে যাওয়া হবে।’
তারা বলছেন, ‘৭৩ এর অ্যাক্টে বলা আছে বিশ্ববিদ্যালয়ের রশিদ ব্যতীত অন্য কোনোভাবে কোন ধরনের টাকা আদায় করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফিয়ের বাইরে বিভাগগুলো নিজেদের খেয়াল খুশি মত এ ফি আদায় করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের মত জায়গায় এ ধরনের অবৈধ কাজ চলতে দেয়া হবে না।’
ইত্তেফাক/এএসএমইউ