যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বাকিংহাম প্যালেসে রাণী দ্বিতীয় এলিজাবেথের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। গত ২৮ অক্টোবর যুক্তরাজ্যের হাইকমিশনের দায়িত্ব নেয়া এই কূটনীতিবিদ শুক্রবার আনুষ্ঠানিকভাবে রাণীর কাছে পরিচয়পত্র পেশ করলেন।
রাণীর কূটনৈতিক কোরের আয়োজনে রাজকীয় ঘোড়ার গাড়িতে করে সস্ত্রীক বাকিংহাম প্যালেসে পদার্পণ করেন বাংলাদেশের হাইকমিশনার। সেখানে তাকে ভাইস মার্শাল জুলিয়ান ইভান্স ও ফরেন অ্যান্ড কমনওয়েলথের কর্মকর্তারা স্বাগত জানান। আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশকালে ব্রিটেনের রাণীর কাছে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন।
রাণীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে হাইকমিশনার বলেন, আমার মেয়াদকালে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে কাজ করে যাবো। এই সময় রাণীর সঙ্গে হাইকমিশনের অন্যান্য কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন তিনি। বাকিংহাম প্যালেসে হাইকমিশনারের সঙ্গে ছিলেন হাইকমিশনের মিনিস্টার কনস্যুলার টি এম জুবায়ের, মিনিস্টার প্রেস নাদিম কাদির, বার্মিংহ্যামের সহকারী হাইকমিশনার জুলকার নাইন ও ম্যানচেস্টারের সহকারী হাইকমিশনার ফেরদৌসি শাহরিয়ার।
ইত্তেফাক/এসএসএ