ঝালকাঠিতে তিন জামায়াত নেতার রিমান্ড

ঝালকাঠি জেলার নলছিটিতে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তিন জামায়াত নেতাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার সন্ধ্যায় ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারিক আদালতের বিচারক এইচএম কবির হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।
 
তারা হলেন- নলছিটি উপজেলা জামায়াতের রোকন নাসির উদ্দিন, রোকন মাওলানা সাইদুর রহমান ও মো. শাহাবুদ্দিন। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহামুদ হাসান জানিয়েছেন, মহান বিজয় দিবসকে সামনে রেখে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর গ্রামে উপজেলা জামায়াতের সাবেক আমির মালেক মৃধার বাড়িতে শুক্রবার সকালে গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিল ২০/২৫ জন জামায়াত শিবিরের নেতাকর্মী।
 
পরে এলাকাবাসী আটক করে তিন জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ করে। আটককৃত জামায়াত নেতাদের কাছ থেকে সংগঠনের চাঁদা আদায়ের রশিদ, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 
এ ঘটনায় শুক্রবার রাতে নলছিটি থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস