ঘূর্ণিঝড় ভারদাহ : ভারতের উপকূল অতিক্রম করতে পারে

 
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ভারদাহ’ আরো পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৩.২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮১.৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।
 
এটি আজ সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৫১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১৪৭০  কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ১৩৬০  কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১৩৭৫  কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।
 
এটি আরো পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ বিকাল নাগাদ ভারতের চেন্নাইয়ের নিকট দিয়ে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকুল অতিক্রম করতে পারে।
 
প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪  কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০  কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১২০   কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।
 
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর পুনঃ ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
 
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।-বাসস
 
 
 
ইত্তেফাক/কেকে