প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির ঘটনায় আরো তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সাংবাদিকদের এ তথ্য জানান।
এরা হলেন- চিফ ইঞ্জিনিয়ার (প্রডাকশন) দেবেশ চৌধুরী, চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাসিউরেন্স) এস এ সিদ্দিক ও প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (সিস্টেম অ্যান্ড মেইনটেইনেন্স) বিল্লাল হোসেন।
গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। এ ঘটনায় বিমানের চিফ অব টেকনিক্যাল ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন সোয়েব চৌধুরী, ডেপুটি চিফ অব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ ও ম্যানেজার (কোয়ালিটি অ্যাসুরেন্স) নিরঞ্জন রায়।
গত ৩০ নভেম্বর বিকেলে তদন্ত কমিটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে জমা দেয়। প্রতিবেদনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। কমিটির প্রতিবেদনে বলা হয়- কর্তব্যে অবহেলার কারণে বিমানে ত্রুটি দেখা দেয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানটির ছয় জনকে প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়।
ইত্তেফাক/এএম।