তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আত্মত্যাগী সাংবাদিক-বুদ্ধিজীবীদের পথই আমাদের সমৃদ্ধির পথ।
তিনি বলেন, তিন হাজারেরও বেশি পুরনো আমাদের এই সভ্যতায় বঙ্গবন্ধু যে আধুনিক বাঙালি জাতীয়তাবাদের জন্ম দিয়েছেন, সেই চেতনা বুকে ধারণ করে আত্মত্যাগী সাংবাদিক-বুদ্ধিজীবীদের পথই আমাদের সমৃদ্ধির পথ।
বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে মুক্তিযুদ্ধে শহীদ ১৩ জন শহীদ সাংবাদিকের ছবি সম্বলিত স্মৃতিফলক উন্মোচনকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের দেশজ সংস্কৃতি, মনন ও গণমাধ্যমের বিকাশ অপরিহার্য। এজন্য জাতিকে সাম্প্রদায়িকতার আলখাল্লা থেকে মুক্ত হতে হবে।
ফলক উন্মোচনের আগে শহীদ সাংবাদিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ছিলেন অসি আর বুদ্ধিজীবী-সাংবাদিকরা ছিলেন মসী। ৭১ সালে পাকিস্তানি বাহিনী ও রাজাকাররা তাদের প্রধান শত্রু হিসেবে বঙ্গবন্ধু, এদেশের জনগণ বিশেষ করে নারী এবং বুদ্ধিজীবী ও সাংবাদিকদের ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু হার না মানা সংগ্রামে আমরা বিজয়ী হয়েছি।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী খান, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, শহিদ সাংবাদিক তনয়া শমী কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস
ইত্তেফাক/ইউবি