লন্ডনে বিজয় দিবস উদযাপিত

লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৪৫তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
 
গত শুক্রবার ১৬ডিসেম্বর সকাল ১০টায় হাইকমিশন ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচীর উদ্বোধন করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল কাওনাইন।
 
এ উপলক্ষে সেন্ট্রাল লন্ডনে হাইকমিশনার মূল ভবনের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে উপস্থিত সকলকে শোনানো হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে অবস্থানরত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী   কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত। তিনি বলেন, 'বাংলাদেশের স্বাধীনতা কারো দয়ায় আসেনি। লাখো মানুষের রক্তের বিনিময়ে এসেছে।'
 
বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে প্রবাসে বসবাসরত বাঙালিদের অনন্য ভূমিকার কথা উল্লেখ করেন। হাইকমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক জনাব সাজিদুর রহমান ফারুক।
 
ইত্তেফাক/এসএস