যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে প্রতিবছরের মত এবারও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান মহান বিজয় দিবস উদযাপন করে। ৪৫তম বিজয় দিবস উপলক্ষে কন্স্যুলেটের বিজয় দিবস অনুষ্ঠানের উচ্ছ্বাসভরে অংশ নেন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রবাসী নেতারা এবং মিলানে অবস্থিত সকল শ্রেনীর পেশার প্রবাসী বাংলাদেশি নাগরিক।
বিশেষ অতিথি হিসেবে মিলানস্থ ‘প্রভিন্সিয়াল সেন্টার অব এডুকেশন ফর এডাল্টস’ স্কুল এর শিক্ষক প্রফেসর জারলি এবং বাংলাদেশের ইতালীয় বন্ধু আলফ্রেদো পমা যিনি দিনু কাকা হিসেবে পরিচিত, সস্ত্রীক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম অংশে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এরপর স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে একমিনিট নীরবতা পালন, মোনাজাত ও বাণী পাঠ করা হয়। প্রফেসর জারলি তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা অজর্নে বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন।
আলফ্রেদো মহান বিজয় দিবস উপলক্ষে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েছেন বলে উল্লেখ করেন। প্রবাসী বাংলাদেশিরাও তাদের বক্তব্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ও দশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। কনসাল জেনারেল রেজিনা আহমেদ উপস্থিত সকল প্রবাসী বাংলাদেশীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমি প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি এ যাত্রায় প্রবাসীদের সকলের সহযোগিতা কামনা করেন।’
কন্স্যুলেট বিজয় দিবসের অনুষ্ঠানে এবারই প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্টপ জেনোসাইড প্রদর্শনের আয়োজন করে।
ইত্তেফাক/এমএইচ