শাবি ক্যাম্পাসে মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া, ককটেল ও গুলি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে ফুড কোর্ট ও গোল চত্বরে এ ঘটনা ঘটে। পরে ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ক্যাম্পাস সূত্র জানায়, শাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের অনুসারী কর্মীরা আবাসিক হল থেকে দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ সম্পাদক ইমরান খান ও তার গ্রুপের কর্মীদের হঠাৎ ধাওয়া করে। পরে তারা দৌঁড়ে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের দিকে চলে যায়। এ সময় পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ও ১৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
হল সূত্রে জানায়, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান নিয়ন্ত্রিত শাহপরাণ হলের ৪-৫টি কক্ষ ভাংচুর এবং ইমরানের কক্ষে তালা ঝুলিয়ে দেয় তারা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। পরবর্তীতে ইমরানের কর্মীরা উপাচার্য ভবনে এবং সাঈদ, অঞ্জন ও সবুজের কর্মীরা শাহপরাণ হলের সামনে অবস্থান করে। রাত পৌনে ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিল।
সাধারণ সম্পাদক ইমরান খান জানান, হঠাৎ করেই সাঈদ, অঞ্জন ও সবুজের নেতৃত্বে তাদের কর্মীরা অস্ত্রসহ আমাদের ওপর হামলা করে। এমনকি তারা তাদের কক্ষ ভাংচুর ও লুট করেছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনাটি ক্ষোভের বিস্ফোরণ উল্লেখ করে সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ বলেন, দীর্ঘদিন ইমরানের কর্মীরা আমার কর্মীদের হুমকি দিয়ে যাচ্ছিল।
শাবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. মুনশী নাসের ইবনে আফজাল বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বলেন, ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/এএন