অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যাংকগুলো রাজনৈতিকভাবে পরিচালিত হওয়ায় অনেকেই শিল্পপতি হয়েছেন। এই সুযোগ কাজে লাগিয়ে যিনি কখনও বাণিজ্য করেনি, তিনি রাতারাতি শিল্পপতি হয়েছেন। তাদের কোনো অভিজ্ঞতা ছিল না। তার দায় এখনো আমরা বহন করছি।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) তাদের সর্বশেষ বছরে অর্জিত লভ্যাংশের চেক হস্তান্তর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।
লভ্যাংশ হিসেবে বিডিবিএল অর্থমন্ত্রীর কাছে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেছে। অনুষ্ঠানে অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থ সচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমানসহ বিডিবিএল ও অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, আগে সরকার অনেক বিনিয়োগ করতো। কিন্তু রিটার্ন আসতো না। এখন এ অবস্থার পরিবর্তন হয়েছে। আমরা আশা করছি বিডিবিএলের মতো সবাই ডিভিডেন্ড দেবে।
স্বাধীনতা পরবর্তী সয়য়ের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ দ্রুত উন্নত হওয়ার সুযোগ ছিল। কারণ পাকিস্তানকে গুডবাই বলার পর আমাদের লোন খুব সামান্য ছিল। আমরা পাকিস্তান চ্যাপ্টারকে গুডবাই করেছি। এটা আমাদের জন্য খুব ভাল। কারণ পাকিস্তান খুব পাজি একটা দেশ। তারা অনেক ক্ষেত্রে অযাজিতভাবে নাক গলাতে চায়। বিশেষ করে খারাপ ইস্যুগুলোর ব্যাপারে তারা নাক গলাতে চায়। এটা অত্যন্ত দুঃখের বিষয়।
ইত্তেফাক/ইউবি