আদালতের পথে খালেদা জিয়া

 
জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনে আদালতের পথে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। 
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের বাসা থেকে আদালতের পথে রওনা হন বলে জানান চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
 
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে ওই দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।
 
গত ৮ ডিসেম্বর জজ আবু আহমেদ জমাদ্দার পুনঃবিবেচনার আবেদন মঞ্জুর করে খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করেন। ১৫ ডিসেম্বর খালেদা জিয়া আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন দাখিল করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে বলে, ২২ ডিসেম্বর বেগম খালেদা জিয়া আদালতে হাজির না হলে তার জামিন বাতিল করা হবে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার  টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
 
ইত্তেফাক/কেকে