বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে যুক্তরাজ্যের প্রতি রওশনের আহ্বান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ যুক্তরাজ্যকে বাংলাদেশের অবকাঠামো নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিদ্যুৎ ও জ্বালানি এবং পর্যটন খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।
 
বৃহস্পতিবার দুপুরে বিরোধী দলীয় নেতার সঙ্গে তার বাসভবনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী  সৌজন্য সাক্ষাৎ কালে তিনি এ কথা বলেন।
 
রুশনারা আলী বলেন, সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক সুদৃঢ় হয়েছে। এছাড়া বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন রুশনারা আলী।
 
বিরোধী দলীয় নেতা যুক্তরাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ বৃদ্ধির জন্য ব্রিটিশ এমপিকে অনুরোধ জানান।
 
তিনি বলেন, উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর কদর পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এ ব্যাপারে যুক্তরাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে বিরোধীদলীয় নেতা আশাবাদ ব্যক্ত করেন।
 
এক প্রশ্নের উত্তরে রুশনারা আলী ব্রেক্সিটের ফলে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বাণিজ্য সম্পর্কে কোন নেতিবাচক প্রভাব পরবে না বলে আশ্বস্ত করেন।
 
বিরোধীদলীয় নেতা পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজারে পর্যটন শিল্পের উন্নয়নে বিনিয়োগ ও সহায়তা বৃদ্ধির জন্য বাণিজ্যদূতকে অনুরোধ জানালে তিনি এতে গভীর আগ্রহ প্রকাশ করেন।
 
সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফখরুল ইমাম এমপি, নূর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, রওশন আরা মান্নান এমপি ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক ।-বাসস।
 
ইত্তেফাক/এমআর