জাপানি নারী হত্যা মামলায় জামিন পাননি মারুফুল

 
রাজধানীর উত্তরায় জাপানি নাগরিক হিরোয়ি মিয়াতা (৬১) হত্যা মামলার আসামি মারুফুল ইসলামকে জামিন দেয়নি হাইকোর্ট। পরে আদালত আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়।
 
মঙ্গলবার বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আসামির পক্ষে আইনজীবী মীর নাসির উদ্দিন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল শুনানি করেন। ডিএজি বলেন, আত্নীয় পরিচয়ে মারুফুল জাপানি নাগরিকের লাশ দাফন করেছিলেন।
 
প্রায় ১০ বছর ধরে ঢাকায় বসবাস করছিলেন হিরোয়ি। উত্তরা ৬ নম্বর সেক্টরে সিটি হোমস নামে একটি আবাসিক হোটেলে থাকতেন। ঢাকার কয়েক ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। এছাড়া জাপান সরকারের পেনশন পেতেন হিরোয়ি। গত বছরের ২৯ অক্টোবর ভোররাত চারটার দিকে সুকৌশলে মিয়াতাকে তার ব্যবসায়িক অংশীদাররা হত্যা করে। এ ঘটনায় মিয়াতার ব্যবসায়িক পার্টনার মো. মারুফুল ইসলাম (৩০), রাশেদুল হক ওরফে বাপ্পী (৪২), ফখরুল ইসলাম (২৭), বিমলচন্দ্র শীল (৪০) ও মো. জাহাঙ্গীরের (২৮) বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় মারুফুল হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
 
ইত্তেফাক/এএম।