নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার বেলা আড়াইটার দিকে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়।
পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে অবস্থিত জাতির জনকের ম্যুরালে পুস্পস্তবক অর্পন করে নেতাকর্মীরা। এসময় জাতির পিতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করে তারা।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে নতুন সভাপতি মো. জুয়েল রানা উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘জাতির পিতার আদর্শকে বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন আমরা তা যথাযথভাবে পালনের চেষ্টা করবো। আমরা সবাইকে সাথে নিয়ে সাংগঠনিক কাজকে আরো গতিশীল করবো।’
সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল বলেন, ‘আমরা একটি মাদকমুক্ত ও অসাম্প্রদায়িক ক্যাম্পাস উপহার দেয়ার জন্য কাজ করবো। এজন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি।’
এসময় কর্মসূচিতে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- সাইফুল ইসলাম লিমন, মামুন-উর-রশিদ, সাদ্দাম হোসেন, ইশতিয়াক আহমেদ, শাকিল মাহমুদ শাওন, মাসুদ ইউনুস সিফাত, সানাউল হক, ইউনুস খান পরশ, সিদ্দিকুর রহমান প্রত্যয়, নাহিদ হোসেন, শামীম আহম্মেদ, ফিরোজুর রহমান সবুজ, অনিক দেবনাথ, জিয়াউর রাফি, মেহেদী হাসান মিলন, ফেরদৌস হাসান, মুশফিক আব্দুল্লাহ, মাহফুজুল হক সানি,তুষার, সঞ্চয়, জুয়েল, অভিষেক, এম রহমান নীল, সাইফুল ইসলাম, মঞ্জুর মোর্শেদ সাদী, রতন বিশ্বাস, আমানুল্লাহ আমান প্রমুখ।
উল্লেখ্য, ২৭ ডিসেম্বর মঙ্গলবার রাতে মো. জুয়েল রানাকে সভাপতি ও এস এম আবু সুফিয়ান চঞ্চলকে সাধারণ সম্পাদক করে জাবি ছাত্রলীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
ইত্তেফাক/এমএইচ