বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু ১৩ জানুয়ারি

গাজীপুর জেলার টঙ্গীর তুরাগ তীরে আগামী বছরের ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম সম্মিলন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
 
বিশ্ব তাবলিগ জামাত আয়োজিত এই ইজতেমাকে সামনে রেখে মাঠ প্রস্তুতির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রস্তুতির শেষ মুহূর্তে ময়দানের ভেতরে প্যান্ডেল তৈরি ও বাইরের কাজ জোরেশোরে এগিয়ে যাচ্ছে।
 
বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৫২তম বিশ্ব ইজতেমা মাঠের প্রায় ৭০ ভাগ সার্বিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ইজতেমা মাঠের মুরব্বি মাওলানা মো. গিয়াস উদ্দিন।
 
তিনি বলেন, 'বাকী কাজ ও বেশ জোরেশোরে এগিয়ে চলছে। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুৎ, গ্যাস, পানি, মাইক, কাঁচা টয়লেট, ওযু-গোসলখানা নির্মাণ সহ শতভাগ কাজ শেষ হয়ে যাবে।
 
তুরাগ তীরে দু'পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৩ জানুয়ারি শুরু হয়ে ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরপর লাখো লাখো মুসল্লিদের আসা যাওয়ার জন্য একটানা ৪দিন বিরতি থাকবে। দ্বিতীয় পর্ব ২০ জানুয়ারি শুরু হয়ে ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫২তম বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। প্রথম পর্বের ১৫ জানুয়ারি ও দ্বিতীয় পর্বের ২২ জানুয়ারি আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
 
এদিকে, টঙ্গী তুরাগ নদীর পাড়ে ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ গ্রহণকারী জেলা গুলোর মধ্যে রয়েছে- গাজীপুর, মানিকগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, রংপুর, সৈয়দপুর, রাজবাড়ি, শরীয়তপুর, দিনাজপুর, জয়পুরহাট, লালমনিরহাঁট, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চাঁদপুর, বি-বাড়িয়া, নোয়াখালী, হবিগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল, নওগাঁ, পাবনা, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর ও বাগেরহাট। -বাসস।
 
ইত্তেফাক/এসএস