'সরকার রপ্তানি প্রবৃদ্ধি নির্ভর উন্নয়ন কৌশল গ্রহণ করেছে'

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, 'বর্তমান সরকার রপ্তানি প্রবৃদ্ধি নির্ভর উন্নয়ন কৌশল গ্রহণ করেছে।' ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে শনিবার এক বাণীতে তিনি এ কথা বলেন।
 
বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে মাসব্যাপী ২২তম 'ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭' (ডিআইটিএফ) আয়োজনের উদ্যোগকে রাষ্ট্রপতি স্বাগত জানান। বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে ডিআইটিএফ-এর আয়োজন একটি সময়োপযোগী ও বলিষ্ঠ পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।
 
রাষ্ট্রপতি বলেন, 'বিশ্বায়ন ও উদার বাণিজ্য ব্যবস্থার এ যুগে বাণিজ্যবান্ধব পরিবেশ সৃষ্টির প্রয়াসে উন্নত, উন্নয়নশীল এবং অনুন্নত দেশসমূহ বিশ্ব বাণিজ্য সংস্থার ছায়াতলে একত্রিত হয়েছে। বাংলাদেশের পণ্য উন্নয়ন, বহুমুখীকরণ, সম্প্রসারণ ও বিপণন বৃদ্ধিতে ডিআইটিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'
 
তিনি মেলায় অংশগ্রহণকারী সকল দেশি-বিদেশি উৎপাদক, রপ্তানিকারক, আমদানিকারক ও সরবরাহকারীকে আন্তরিক অভিনন্দন জানান। -বাসস।
 
ইত্তেফাক/এসএস