শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ঘন কুয়াশায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকাল নয়টায় চলাচল শুরু হয়েছে। এর আগে রবিবার রাত ১১টা থেকে এ সার্ভিস বন্ধ হয়ে যায়। এ সময় প্রায় যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছিল সাতটি ফেরি। ফেরি সার্ভিস বন্ধ থাকায় উভয় তীরে পাঁচ শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে।
 
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল আবার শুরু হয়েছে। আটকে পড়া ফেরিগুলো গন্তব্যে রওনা হয়েছে।
 
এদিকে টানা আট দিন ধরে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় মানুষের দুর্ভোগ বেড়েছে। বহু পণ্যবাহী ট্রাক আটকা পড়ছে।
 
ইত্তেফাক/এএসএমইউ