নাম হর্ষবর্ধন জালা। বয়স ১৪। ভারতের গুজরাটের এই ছেলে এমন একটি ড্রোন বানিয়েছেন যা দেখে বিমোহিত সবাই। দশম শ্রেণির ওই ছাত্রের বানানো ড্রোনের জন্য তাকে ৫ কোটি রুপি দিয়েছে গুজরাট সরকার।
হর্ষের বানানো ড্রোনের বিশেষত্ব হল, এর সাহায্যে ল্যান্ডমাইন খুঁজে বের করা যাবে। শুধু তাই নয়, ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করার কাজও করে এই ড্রোন। মেধাবী এই ছাত্র ড্রোন উৎপাদনের ব্যবসা করতে চান এবং সে জন্য ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন তিনি।
মঙ্গলবার শুরু হয় অষ্টম 'ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল সামিট'-এর। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সামিটে অংশ নিয়েছে বিশ্বের ১২টি দেশের বাণিজ্যিক প্রধানরা, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জাপান, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন ও আরব যুক্তরাষ্ট্র। আর এই সামিটে নিজের তৈরি ড্রোন দিয়ে চমক জাগিয়েছেন হর্ষবর্ধন জালা।
হর্ষবর্ধন জানিয়েছেন, '২০১৬ সালে টিভি দেখার সময় একটি খবরে জানতে পারি যে, ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করার চেষ্টায় বেশ কয়েকজন সেনার মৃত্যু হয়েছে। তখনই মনে হয় যে, এ রকম কোনো ড্রোন যদি বানানো যায় যাতে ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করা সম্ভব, তাহলে অনেক সেনার প্রাণ বেঁচে যাবে।’
হর্ষ আরও জানিয়েছেন, এই ড্রোন বানানোর চেষ্টায় তার প্রায় পাঁচ লাখ রুপির খরচ হয়েছে। প্রথম দুটি ড্রোনর জন্য তার অভিভাবকরা ২ লাখ রুপি খরচ করেছেন। তৃতীয় ড্রোনের জন্য রাজ্য সরকার তাকে তিন লাখ রুপি সাহায্য করে।
তিনি আরও জানান, ড্রোনে ২১ মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি ইনফ্রারেড, আরজিবি সেন্সর ও থার্মল মিটার রয়েছে। ক্যামেরা হাই রেজ্যুলেশন ছবি তুলতে পারবে। মাটি থেকে দুই ফিট উপরে ড্রোন উড়বে। আট বর্গমিটার পর্যন্ত ড্রোন রেডিয়েশন পাঠাতে থাকে। এর সাহায্যে জানা যাবে ল্যান্ড মাইন কোথায় রয়েছে। ল্যান্ড মাইনকে নষ্ট করার জন্য ৫০ গ্রাম ওজনের একটি বোমা ড্রোনের সঙ্গেই থাকবে।
ইত্তেফাক/এএম