বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালে নির্ধারিত সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জনগণ যে দলকে ভোট দেবে তারাই পরবর্তীতে সরকার গঠন করবে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে এর কোনো বিকল্প নেই। তিনি গতকাল সোমবার দিনভর তার নির্বাচনী এলাকা কাজীপুরের তার পিতা শহীদ এম মনসুর আলীর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও দুস্থদের মাঝে কম্বল বিতরণকালে আয়োজিত সমাবেশে এ সব কথা বলেন।
শহীদ এম মনসুর আলীর জন্মশত বার্ষিকীতে তার নির্বাচনী এলাকায় শহীদ মনসুর আলী কল্যাণ ট্রাস্ট, মনসুর আলী স্মৃতি সংসদ, মনসুর আলী সরকারি কলেজ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান দিনভর নানা কর্মসূচি পালন করেছে। ইউনিয়ন পর্যায়ে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কোথাও শহীদ এম মনসুর আলীর পুত্রবধূ লায়লা নাসিম, কোথাও তার দৌহিত্র সাবেক এমপি তানভীর শাকিল জয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সিরাজগঞ্জ সদরের কুড়িপাড়ায় শহীদ এম মনসুর আলীর জন্ম হলেও তার নির্বাচনী এলাকা কাজীপুর হওয়ায় জন্মশত বার্ষিকীতে গোটা কাজীপুরের মানুষ বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালন করেন।
স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এ সব অনুষ্ঠানে কখনো আবেগ আপ্লুত হয়েছেন। আবার কখনো তার শহীদ পিতার প্রতি এ অঞ্চলের মানুষের ভালোবাসায় আনন্দিত হয়েছেন। নাসিম শহীদ এম মনসুর আলীর রাজনৈতিক কর্মকাণ্ড এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা উল্লেখ করে বলেছেন— আমার পিতা শহীদ এম মনসুর আলী সাধারণ মানুষের মতো জীবন-যাপন করতেন।
সোনামুখী বাজারে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উজ্জল কুমার ভৌমিক।
ইত্তেফাক/এএন