ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘এ আসনের প্রতিটি স্কুলেই শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য মানসম্মত পরিবেশ তৈরি করা হবে। একটি দেশের প্রধান অগ্রগতি সে দেশের শিক্ষা ব্যবস্থা। শিক্ষার মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।’
সোমবার দুপুরে ভাঙ্গা উপজেলার সৈয়দ জয়নাল আবেদীণ উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি নিক্সন চৌধুরী আরো বলেন, এখন দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই আগের যে কোনো সময়ের চেয়ে শিক্ষার মানোন্নয়ন হয়েছে। একই সঙ্গে পাশের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অর্থের অভাবে বা বিদ্যালয়ে শ্রেণী কক্ষের সঙ্কটে লেখাপড়ায় যাতে বিঘ্ন না ঘটে সেজন্য প্রধানমন্ত্রী সব সময় শিক্ষার্থীদের পাশে আছেন।
সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাবা-মার মুখ উজ্জ্বলসহ বলিষ্ঠ হাতে দেশের হাল ধরতে পড়াশোনার প্রতি আরো বেশি মনোনিবেশ করার জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে মানসিক ও মানবিক গুণাবলী ছড়িয়ে দিতে শিক্ষকদের সচেষ্ট হওয়ার আহ্বান জানান।IMG0
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসেন বলেন, ‘বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের ক্লাস করাতে দীর্ঘদিন ধরে অনেক সমস্যায় পড়তে হয়েছে। মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সুদৃষ্টিতে চারতলা ভবনটি পাওয়ায় আমাদের শিক্ষার পরিবেশ ও মান আরো উন্নত হবে।’
ইত্তেফাক/এএসএমইউ