কুষ্টিয়ার মিরপুরে বহুল আলোচিত আওয়ামীলীগ নেতা ডাঃ লুৎফর রহমান সাবু (৫০) হত্যাকান্ডের ৫ দিন পর ১৫ জানুয়ারী সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জাসদনেতাসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলা নং ৪। মামলার বাদী নিহতের ছোট ভাই হাবিবুর রহমান হাবিব।
অন্যদিকে একই দিন বিকালে ইউপি চেয়ারম্যান জাসদ নেতা মশিউর রহমান মিলনের স্ত্রী হামিদা খাতুন বাদী হয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বারী টুটুলসহ ২৮ জনকে আসামী করে মিলন চেয়ারম্যানের দোতলা বাড়ী পোড়ানোর অভিযোগে পৃথক মামলা দায়ের করেছেন। মামলা নং ৬।
দুটি মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছেন যথাক্রমে থানার এস আই আবু জুবায়ের ও এস আই অমৃত কুমার বিশ্বাস। মামলা দায়ের হলেও উভয় মামলার কোন আসামী গ্রেফতার হয়নি। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস আই জুবায়ের ও অমৃত কুমার বিশ্বাস জানান, আসামীদের গ্রেফতারে সর্বাত্বক চেষ্টা চলছে।
উল্লেখ্য ১১ জানুয়ারী দুপুরে আমবাড়ীয়া গোরস্থান সংলগ্ন মাঠের মধ্যে সন্ত্রাসীরা ওই গ্রামের মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে আওয়ামীলীগ নেতা পল্লী চিকিৎসক লুৎফর রহমান সাবুকে(৪৮) কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে মিরপুর থানার নবাগত অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত আসামীদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এএন