মানিকগঞ্জে আই.সি.টি ক্লাবের উদ্বোধন

বর্ণাঢ্য র‌্যালী, আলোচনাসভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জ আই.সি.টি ক্লাবের উদ্বোধন করা হয়েছে।

 
এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন অতিথি ও নবগঠিত আইসিটি ক্লাবের সদস্যবৃন্দ। বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিআই’র পরিচালক তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটো।
 
অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার সভাপতিত্বে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার মমিন উদ্দিন খান, মানিকগঞ্জের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক, ন্যাশনাল পলিটেকনিক ইনষ্টিটিউটের পরিচালক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, জেলার রোভার স্কাউটের সাধারণ সম্পাদক সরকার মাসুদ।
 
বক্তারা বলেন, বিগত সরকারের আমলে দেশে কোন উন্নয়ন হয়নি। কিন্তু বর্তমানে দেশনেত্রী শেখ হাসিনার নেত্রীত্বে দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষিত হয়েছে। রাস্তা-ঘাট, শিক্ষা, তথ্য-প্রযুক্তি, চিকিৎসা, অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত আছে এবং ভবিষ্যতে আরো উন্নয়ন হবে। তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটুকে সভাপতি এবং রকিবুল হাসান পাভেলকে সাধারণ সম্পাদক করে মানিকগঞ্জ আইসিটি ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি ক্লাবের কাজকে ত্বরান্বিত করতে একটি কম্পিউটার সেট প্রদান করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য পরিবেশন করে জাতীয় ও স্থানীয় শিল্পীবৃন্দ।
 
ইত্তেফাক/এএন