কক্সবাজারের উখিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে ১৪টি দোকান ও ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘুমন্ত অবস্থায় বাক প্রতিবন্ধী জোবেদা খাতুন (৩৫) নামে এক নারী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ভোর রাতে রত্নপালং ইউনিয়নের টেকপাড়া হাজি কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে এসে পৌঁছার আগেই আগুনে কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে।
ইউপি সদস্য আবদুল গফুর জানান, সৌদি প্রবাসীর মালিকানাধীন হাজি কলোনীর কেয়ারটেকার ছিদ্দিক শীত নিবারণের জন্য কাঠখড় দিয়ে আগুন জ্বালালে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এ সময় গ্রিল ওয়ার্কশপ, ব্যাটারি সামগ্রী, ফার্ণিচার মাঠ, মাইক সরঞ্জামাদি ও লন্ড্রিসহ প্রায় ১৪টি দোকান ও ১১টি ঘর পুড়ে যায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ