ছাগলনাইয়ায় হত্যা মামলায় ইউপি মেম্বার গ্রেফতার

ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ ছয় ঘরিয়া গ্রামের প্রবাসী সফি আহম্মদের স্ত্রী আকলিমা আক্তার পারভীন (৩০) হত্যা মামলায় বুধবার রাতে অলিনগর গ্রামের ইউপি মেম্বার শফি আহাম্মদকে (৪৫) গ্রেফতার আটক করেছে পুলিশ। 
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, আকলিমা আক্তার পারভীন ২০১৬ সালের ১৯ অক্টোবর বিকালে তার অসুস্থ মা হোসনেয়ারা বেগমের জন্য ওষুধ আনতে মিরেশ্বরাই উপজেলার করের হাটের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। খোঁজাখুঁজি করে না পেয়ে আকলিমা আক্তার পারভীনের ভাই সাইফুল ইসলাম ছাগলনাইয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজের চারদিন পর ফেনী নদীর জয়পুর এলাকা থেকে ভাসমান অবস্থায় পারভীনের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে ছয়ঘরিয়া গ্রামে পারভীনকে দাফন করা হয়। এ ব্যাপারে ছাগলনাইয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। 
 
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই পায়েল হোসেন বলেন, লাশটি পচন ধরায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে জানা গেছে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করে পারভীনের লাশ ফেনী নদীতে ফেলে দেয়া হয়। মোবাইল কল লিস্ট ও ঘটনার সময় শফি আহাম্মদের অবস্থানের ভিত্তিতে ধারণা করা হচ্ছে এই হত্যার ঘটনায় সে জড়িত থাকতে পারে।  বুধবার গভীর রাতে জোরালগঞ্জ থানার করের হাট ইউনিয়নের পশ্চিম অলি নগর থেকে শফি আহাম্মদকে গ্রেফতার করা হয়।
 
ইত্তেফাক/ইউবি