জেলায় বকশীগঞ্জ খাতেমুন মইন মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পুনর্বহালের দাবিতে গতকাল বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বকশীগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত খাতেমুন মইন মহিলা ডিগ্রি কলেজে প্রায় একযুগ আগে থেকে পাবলিক পরীক্ষার কেন্দ্র হিসেবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছর এই পরীক্ষা কেন্দ্রে শত শত শিক্ষার্থী পরীক্ষা দেয়। চলতি বছর স্থানীয় প্রশাসন খাতেমুন মইন মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্র বাতিল করে। এরপর পাড়াগায়ে অবস্থিত চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র হিসেবে অনুমোদন দেয়।
এ খবরে বকশীগঞ্জ সরকারি কে ইউ কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেয়। এর অংশ হিসেবে গতকাল পরীক্ষা কেন্দ্র পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। একই সময় চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রের অনুমোদন বাতিলের দাবি জানান। অবরোধ চলাকালে বেশ কিছুক্ষণ বকশীগঞ্জ-জামালপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
সমাবেশ বক্তব্য রাখেন— শিক্ষার্থী ফরহাদ রেজা, সৌরভ, ফয়সাল, লুত্ফা আকতার, মৌসুমী আক্তার সাদিকা, জীবন প্রমুখ। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
ইত্তেফাক/এএন