ফেসবুকে অশালীন স্ট্যাটাস দিয়ে তোপের মুখে মহিলা ভাইস চেয়ারম্যান

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক স্ট্যাটাসে নারী নিয়ে বাজে মন্তব্য করায় তোপের মুখে পড়েছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি।
 
বৃহস্পতিবার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় তিনি উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানদের তোপের মুখে পড়েন। পরে উপস্থিত সভায় তিনি সকলের কাছে নিঃশর্তে ক্ষমা চান।
 
জানা গেছে, চলতি মাসের ৬ তারিখে নিজের ফেসবুক স্ট্যাটাসে নারী নিয়ে বাজে মন্তব্য করেন ওই নারী ভাইস চেয়ারম্যান। তার ওই স্ট্যাটাস ভাইরাল হয়ে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে এবং নিন্দার ঝড় উঠে। এছাড়া উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য সচিব ও ইউএনও বরাবর ডাক যোগে উপজেলা মহিলা আওয়ামী লীগের পক্ষে থেকে একটি লিখিত অভিযোগ আসে। যাতে ছিল ওই নারী ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ। এ নিয়ে উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের কেউ পরতে হয় রোষানলে। পরে উপজেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় ইউপি চেয়ারম্যানরা বিষয়টি উত্থাপন করলে সকলের সম্মতিক্রমে ওই নারী ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব উঠে। পরে উপস্থিত সকলের কাছে নিঃশর্তে ক্ষমা চান এবং ওই ফেসবুক স্ট্যাটাস মুছে দেয়া ও এর পরিবর্তে আরেকটি স্ট্যাটাস দিবেন বলে অঙ্গীকার করেন।
 
ইত্তেফাক/এএসএমইউ