রংপুরে দুইদিন নিখোঁজের পর কৃষকের লাশ উদ্ধার

রংপুরে দুই দিন নিখোঁজ থাকার পর রবিউল ইসলাম নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃস্পতিবার দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার রাজবল্লভ গ্রামের একটি সেতুর নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 
 
জানা গেছে, রংপুর নগরীর হারাটি উত্তরপাড়া কচুয়াটারী মহল্লার রবিউল ইসলাম মঙ্গলবার সকালে নানার বাড়ি গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক গ্রামে যায়। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনও সন্ধান মেলেনি। পরে উপজেলার রাজবল্লভ গ্রামে একটি সেতুর নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
গঙ্গাচড়া থানার ওসি আব্দুর রহিম জানান, নিহত রবিউলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে। 
 
তিনি আরও জানান, হত্যার কারণ এখনো জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করা হয়নি। হত্যাকারীকে গ্রেফতারে অভিযান চলছে। 
 
ইত্তেফাক/এমআই