রফতানিকারকদের কারণেই পাটজাত পণ্যে এন্টি ড্যাম্পিং শুল্ক আরোপ করেছে ভারত: পাট ও বস্ত্রমন্ত্রী

 
পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক বলেছেন, বাংলাদেশের রফতানিকারকরা সময়মত ফর্ম পূরণ না করার কারণেই এন্টি ড্যাম্পিং শুল্ক আরোপ করেছে ভারত। এখনও সময় আছে; দরখাস্ত করলে এ শুল্ক উঠিয়ে নিতেও পারে দেশটি।
 
বৃহস্পতিবার নওগাঁর মান্দায় অনুদানের অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথি উদ্দিন প্রামানিক এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে এর একটি গঠনমূলক সুরাহা হবে।
 
উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত অনুদান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুজ্জামান।
 
এ ছাড়া প্রায় ৩ শতাধিক গরিব দুখির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মাঝে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক মোল্লা ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএম।