জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৬ এর শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সরাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা।
উদ্ভাবনী পাইলট প্রকল্প 'ই-তদারকি; শিক্ষার্থী উপস্থিতি' সম্পন্ন করায় তিনি অর্জন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ধ ২র (এক্সেস টু ইনফরমেশন) থেকে সম্মাননা সনদ। প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবং পরে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে তিনি শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হন। গত ১৫ অক্টোবর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৬ এর ৮টি বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের লড়াইয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই সরাইল উপজেলার শিক্ষার মান উন্নয়নের জন্য তিনি কাজ করে আসছেন। শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও ঝরে পড়া রোধকল্পে বিদ্যালয় পরিদর্শন, অভিভাবক সমাবেশ, শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভা, মিড ডে মিল ও উপকরণ বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ, খেলাধূলা সামগ্রী বিতরণ, বিদ্যালয় আর্কষণীয় করার লক্ষ্যে ফুলবাগান করা, শ্রেণিকক্ষে ঝুড়ি স্থাপন, পরিষ্কার ও নিরাপদ পানির ব্যবস্থা জন্য পানির ফিল্টার বিতরণ, বিভিন্ন বিদ্যালয়ে প্রয়োজনীয় বেঞ্চ সরবরাহ, বিদ্যুতের ব্যবস্থা করা এবং সীমানা প্রাচীর নির্মাণসহ নানাবিধ প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। ফলে শিক্ষার্থীরা হয়েছে বিদ্যালয়মুখি।
এছাড়া, বাল্যবিয়ে রোধকল্পে জন সমাবেশ, উদ্ভুদ্ধকরণ সভা সহ লিফলেট বিতরণ করে সরাইল উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত করার উদ্যোগ নিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় সর্বপ্রথম সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করেছেন তিনি। বর্তমানে প্রাথমিক বিদ্যালয় সমূহে সফটওয়্যারের মাধ্যমে ই-মনিটরিং কার্যক্রম শুরু করেছেন।