নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ

নাগেশ্বীরতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তার দুটি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। সেগুলো আটক করে স’মিল মালিকের হেফাজতে দিয়েছে বনবিভাগ।
 
উপজেলার কচাকাটা ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল গত সোমবার দুপুরে তার লোকজন দিয়ে কচাকাটা-নায়কের হাট রাস্তার দুটি ইউক্যালিপ্টাস গাছ কেটে নেন। পরে সেগুলো স্থানীয় নুর রহমানের স’মিলে ফারাই করতে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে বুধবার বিকেলে উপজেলা বনবিভাগ স’মিল মালিককে গাছগুলো তার হেফাজতে রাখার নির্দেশ দেয়।
 
ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল বলেন, গাছ দুইটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় বনবিভাগ ও উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে তা কাটা হয়েছে।
 
উপজেলা বন কর্মকর্তা সাদেকুল ইসলাম শাহিন জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় শুক্রবার মুঠোফোনে সাংবাদিকদের জানান, কেউ আমার কাছে গাছ কাটার অনুমতি চায়নি। তাছাড়া অনুমতি দেয়ার কোনো এখতিয়ার আমার নেই।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ বলেন এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/এএম।