ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার, প্রেমিক আটক

 
ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানখুড়ি বাঁশমালিপাড়ায় সাবিত্রি রানী (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
শুক্রবার বাড়ির পাশে একটি নদীর ধারে গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়। এঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয়দের সহায়তায় প্রেমিক ভোলানাথকে (২৩) আটক করেছে পুলিশ। আটক ভোলানাথ রানীশংকৈল উপজেলার ডাবতলী গ্রামের রামপ্রসাদের ছেলে।
 
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সুবিত্রা বাড়ি থেকে বের হয়। এরপর খুঁজে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
 
চার নম্বর বড়গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রভাত কুমার সিংহ জানান, শিনুযা নদীর পাশে গাছে সাবিত্রির ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তিনি বলেন, ভোলানাথের দীর্ঘ দিন ধরে সাবিত্রি রানী সঙ্গে মোবাইলে কথা বলতো এবং ঘটনার রাতেও মোবাইল ফোনে কথা হয় তাদের।
 
স্থানীয় ও পুলিশ জানায়, শুক্রবার সকাল ৭টায় মোলানখুড়ি গ্রামের সিংহনদীর পাশে একটি গাছে সাবিত্রির ঝুলন্ত মরদেহ দেখা যায়। এরপর স্থানীয় থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
 
এ ঘটনায় সাবিত্রির বাবা সুমেন রায় অভিযোগ করে বলেন, আটক ভোলানাথ তার মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
 
ঠাকুরগাঁও থানার এসআই দৌলা একজন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে। দোষিদের আইনের আওতায় আনা হবে। 
 
 
ইত্তেফাক/কেকে