চার ক্যামেরার 'ফ্যাব প্রো ২' উন্মোচন লেনোভোর

বেশ অনেক দিন ধরেই 'লেনোভো ফ্যাব প্রো ২' নিয়ে মাতামাতি চলছে প্রযুক্তিবিশ্বে। ডিভাইসটির জন্য রীতিমতো অপেক্ষায় রয়েছেন স্মার্টফোনপ্রেমীরা। এবার সেই অপেক্ষার পালা ঘুচতে চলেছে। ডিভাইসটি আসছে বিকাশমান স্মার্টফোন বাজারে। শুরুতেই মিলবে ভারতের বাজারে। তাও কিনতে হবে ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে। এর জন্য খরচ পড়বে ২৯ হাজার ৯৯০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার ৮০০ টাকা। তবে ডিভাইস কবে নাগাদ বাংলাদেশে আসবে তা জানা যায়নি।
 
'লেনোভো ফ্যাব প্রো ২' ডিভাইসটিতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে গুগলের ট্যাঙ্গো প্রযুক্তি, যা ব্যবহারকারীর ভার্চুয়াল রিয়ালিটিকে সম্পূর্ণ অন্য মাত্রায় নিয়ে যাবে। অগমেন্টেড রিয়ালিটি (এআর) ও ভেরিয়েবল রিলাকট্যান্স সেন্সর (ভিআর)-এর সাহায্যে একজন ব্যবহারকারী তার চারপাশে এক কৃত্রিম জগৎ অনুভব করতে পারবেন। অর্থাৎ ঘরের ভিতরে বসে গেম খেলতে খেলতে গ্রাহক  অনুভব করবেন যেন মাঠে নেমেই খেলছেন তিনি।
 
IMG0
 
লেনোভো'র এই স্মার্টফোনে জুড়ে দেওয়া হয়েছে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১৪৪০*২৫৬০ পিক্সেল। এর পিক্সেল ডেনসিটি ৪৫৯ পিপিআই। স্মার্টফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর ও ৪ জিবি র‍্যাম। এর ইনবিল্ড স্টোরেজ ৬৪ জিবি, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
 
লেনোভের স্মার্টফোন ফ্যাব ২ প্রো-তে রয়েছে চারটি ক্যামেরা। একটি ১৬ মেগাপিক্সেলের রিয়ার ও আরেকটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অপর দুটি ক্যামেরার মধ্যে একটি ডেথ সেন্সিং ইনফ্রারেড ক্যামেরা এবং অন্যটি মোশন ট্র্যাকিং ক্যামেরা।
 
এই ফোনের ব্যাটারি ৪০৫০ এমএএইচ। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো চালিত এই ফোনে থাকছে দ্রুত চার্জিং প্রযুক্তিও। মিউজিকের জন্য থাকছে ডলবি অডিও ৫.১ ক্যাপচার টেকনোলজি।
 
IMG1
 
সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত 'লেনোভো টেক ওয়ার্ল্ড ২০১৬' নামের এক মেগা ইভেন্টে ফোনটি প্রথম প্রকাশ্যে আনে লেনোভো কর্তৃপক্ষ।
 
তখন সংশ্লিষ্টরা জানায়, শুধু এই ফোনটির জন্য ২৫টি অ্যাপস তৈরি করেছে তারা। চলতি বছরের শেষে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে ১০০-তে!
 
ইত্তেফাক/এএম